ঢাকাMonday , 23 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধে কঠোর ব্যবস্থার দাবি

    admin
    November 23, 2026 5:10 am । ৭ জন
    Link Copied!

    শামছুল করিম খোকন, চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার কমিশন, লক্ষ্মীপুর জেলা।

    ভি বি রায় চৌধুরী -অপরাধী হোটেল মালিকদের শুধু জরিমানা নয়, কমপক্ষে এক বছরের কারাদণ্ডের দাবি বাংলাদেশ মানবাধিকার কমিশন, লক্ষ্মীপুরের: দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও বড় আকারের খাবার হোটেল ও রেস্তোরাঁয় বাসি, পচা, নোংরা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ ক্রমেই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। এসব খাবার খেয়ে সাধারণ মানুষ পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে ফার্মেসিগুলোতে বাড়ছে ওষুধের ক্রেতার ভিড়, অন্যদিকে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ।

    এ পরিস্থিতিতে অসাধু হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে কমপক্ষে এক বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, লক্ষ্মীপুর।

    সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কিছু অসাধু হোটেল মালিক অধিক মুনাফার আশায় মানুষের স্বাস্থ্য ও জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে নিম্নমানের, বাসি ও পচা খাবার পরিবেশন করছেন। এর ফলে একদিকে মানুষ অসুস্থ হয়ে চিকিৎসার পেছনে অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে পরিবারগুলোর ওপর বাড়ছে আর্থিক চাপ। দীর্ঘমেয়াদে এ ধরনের খাদ্যদূষণ জনস্বাস্থ্য ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

    বক্তারা বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু জরিমানা করে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়। যারা জেনেশুনে মানুষের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাবার পরিবেশন করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে কমপক্ষে এক বছরের কারাদণ্ড নিশ্চিত করতে হবে।

    তারা আরও বলেন, হোটেল ও রেস্তোরাঁর খাবার হতে হবে নিরাপদ, স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন এবং ন্যায্য মূল্যের। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নিয়মিত অভিযান, খাবারের মান পরীক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    বাংলাদেশ মানবাধিকার কমিশন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়—জনস্বাস্থ্য রক্ষায় সব হোটেল ও রেস্তোরাঁয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

    জনগণের দাবি একটাই—হোটেলের খাবার হবে নিরাপদ, স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও ন্যায্য মূল্যের। মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের বাণিজ্য চলতে পারে না।