২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার: আইজিপির পুরস্কার পেলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা
ভি বি রায় চৌধুরী : পেশাদারিত্ব, দক্ষতা ও দ্রুততম সময়ে অপরাধ উদ্ঘাটনে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহোদয়ের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং এসআই (নিঃ) জনাব সাজ্জাদ হোসেন চৌধুরী।
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর থানাধীন সমসেরাবাদ ৮ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডে অবস্থিত তমা শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানা রোডে অবস্থিত শিবানী শিল্পালয় ও পূনম শিল্পালয় এবং স্বর্ণকার রোডের বণিক শিল্পালয় থেকে আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২১ ভরি ১২ আনা ৫ রত্তি ২ পয়েন্ট স্বর্ণালংকার এবং ১০ আনা ৫ রত্তি ৪ পয়েন্ট রুপা। দ্রুততম সময়ে চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও আত্মসাৎকৃত মূল্যবান অলংকার উদ্ধারে অসামান্য ভূমিকা রাখায় তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে তাঁদের পুরস্কৃত করেন।
পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয় আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
পুলিশের এমন দ্রুত, দক্ষ ও পেশাদার কার্যক্রমে অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ অর্জন লক্ষ্মীপুর জেলা পুলিশের জন্যও গৌরবের বিষয়।






