লক্ষ্মীপুরে ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী
ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি উত্তম দেবনাথ, সহসভাপতি রেজাউল হক দুলাল এবং রায়পুর উপজেলা শাখার সভাপতি এজাজ হোসেন রোমান। এ সময় সংগঠনের আরও ২০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জেলা শাখার সভাপতি উত্তম দেবনাথ বলেন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা অতীতেও ছিল, এখনো তা বহাল রাখতে হবে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সংগঠন আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধন থেকে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পূর্বের সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানানো হয়।






