
নিজস্ব প্রতিবেদক | ভিবি নিউজ
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হারুনুর রশিদ। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনের মাধ্যমে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।