
ভিবি নিউজ ডেস্ক :
আসন্ন শীত মৌসুমে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ নভেম্বর ২০২৬) জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন সকল ইউনিটের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন শীত মৌসুমে চট্টগ্রাম রেঞ্জাধীন জেলাসমূহের মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ডাকাতি, দস্যুতা এবং অন্যান্য অপরাধ সংঘটনের আশঙ্কা ও দুষ্কৃতিকারীদের তৎপরতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সড়কে অপরাধ প্রবণতা রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষ থেকে যুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সমন্বিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।